বগুড়ায় ছুটিতে বেড়াতে গিয়ে ১২ দিন ধরে স্ত্রী-সন্তানসহ নিখোঁজ রয়েছেন দেলোয়ার হোসেন হৃদয় (৩০) নামে এক সেনাসদস্য। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই সেনাসদস্যের ছোট ভাই সোহেল রানা জেলার শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্যে জানা গেছে, সেনাসদস্য হৃদয় শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়ীয়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত। গত ৬ অক্টোবর ১০ দিনের ছুটিতে তিনি বাড়িতে যান। ওই দিন দুপুরে স্ত্রী রোজিনা বেগম ও ছেলে জিসানকে নিয়ে শ্বশুরবাড়ি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পিয়ারপাড়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তার সন্ধান নেই।
নিখোঁজ সেনাসদস্যের ভাই রানা বলেন, তার ভাই ১০ অক্টোবর দুপুরে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশে বের হন। যশোরে তার ভাইয়ের কর্মস্থলে খোঁজ নিলে সেখানেও তাদের সন্ধান মেলেনি।
হৃদয়ের শাশুড়ি বিলকিস বেগম জানান, তার মেয়ে, জামাই ও নাতি ওইদিন তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেখানে যাননি। তারাও জামাই ও তার পরিবারের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন বলেন, হৃদয়ের ছোট ভাই থানায় একটি জিডি করেছেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
