ক্রিকেটারদের জন্য দৈনিক ৫০ ডলার, কর্মকর্তাদের ৫০০

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৩৪ পিএম

বিদেশ সফরে গেলে একজন ক্রিকেটারের দৈনিক ভাতা থাকে ৫০ ডলার আর কর্মকর্তাদের জন্য থাকে ৫০০ ডলার। এমন বৈষম্য দূর করার দাবি ক্রিকেটারদের।

বুধবার বিকেলে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছিলেন আন্দোলনরত ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান দাবি পেশ করার একপর্যায়ে এই তথ্য জানান।

এদিন আগের ১১ দফা দাবির সঙ্গে আরো দুটি দাবি যোগ করেছেন ক্রিকেটাররা। ১৩টি দাবি এদিন আইনজীবীর মাধ্যমে সংবাদমাধ্যমে পেশ করেছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের ১৩ দফা দাবি উপস্থাপনের পর আরো কিছু পয়েন্ট উল্লেখ্য করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। যাকে শুরুতে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে উল্লেখ করেন। কেন ক্রিকেটারদের এই আন্দোলন, কেন এই দাবি, এর পেছনের যৌক্তিকতা তুলে ধরেন তিনি।

একপর্যায়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল যখন বিদেশ সফর করে তখন জাতীয় দলের ক্রিকেটাররা দৈনিক ভাতা পান ৫০ ডলার। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা যারা যান তারা ৫০০ ডলার পান। আর যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন তারা দিনে ১৫০০ টাকা পান।’

ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুরুটা করেছিলেন এভাবে, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, ক্রিকেটাররা বেশি টাকা পাচ্ছে এমন বলা হচ্ছে...। একজন ক্রিকেটার যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, তার বিপরীতে যে পরিমাণ সম্মান দেওয়া হয়। একটা ক্রিকেটার ১৭-১৮ বছর বয়সে একাডেমিক ক্যারিয়ার ত্যাগ করে। এরা অনেক ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলে।’

‘ঝুঁকিটা কি? আজ যে ক্রিকেটার পারফর্ম করছে, আগামীকাল সে ইনজুরিতে পড়তে পারে। যে ইনজুরির কারণে সে আর কখনো ক্রিকেট খেলতে পারবে না। অথচ সে এরই মধ্যে তার একাডেমিক ক্যারিয়ার ত্যাগ করেছে। পেশাদার ক্যারিয়ার ত্যাগ করেছে।’

‘এদিকে আরেকজন ভালো খেলছে বলে একজন জাতীয় দলে নির্বাচিত হচ্ছে না। সেই ক্রিকেটারেরও আয় উপার্জন করার অধিকার আছে। সেই আয় উপার্জনের নিশ্চয়তা চাই।’

‘বর্তমানে একজন ইনজুরড ক্রিকেটারের জন্য কিছু করা হয় না সেটা আমরা বলছি না। এখন ক্রিকেটারকে বোর্ডের দাক্ষিণ্যের ওপর নির্ভর করতে হয়। আমরা মনে করি এটার একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকতে হবে। আলাদা ওয়েলফেয়ার ফান্ড থাকবে বোর্ডের রাজস্ব থেকে। এই ধরনের ফান্ডের ভিত্তিতে পেনশন স্কিম থাকতে হবে। যেখানে অবসরপ্রাপ্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা পেনশন পাবে। একটা ইনস্যুরেন্স স্কিম চালানো হবে...।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত