এই সপ্তাহান্তে হওয়ার কথা ছিল এল ক্লাসিকো। কিন্তু স্পেনের কাতালান অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার কারণে তা পিছিয়ে গেছে ডিসেম্বরে। ওই মাসের ৭ ও ১৮ তারিখ ম্যাচটি আয়োজনের প্রস্তাব রাখে বার্সেলোনা। ক্লাসিকোর অপর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রাজি ছিল যেকোনো দিনের জন্য। অবশেষে ১৮ ডিসেম্বর বুধবার নির্ধারিত হয়েছে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিন। গতকাল বুধবার সে ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে দুই ক্লাব মানলেও এ নিয়ে একটু অনিশ্চয়তা এখনো আছে। ম্যাচের দিন ঠিক করা নিয়ে বেশ ঝামেলা হয়েছে। শুরুতে দিন ঠিক হয় ৪ ও ৭ ডিসেম্বর। ৪ তারিখ বুধবার এবং ৭ তারিখ শনিবার। যেহেতু বড় ম্যাচ তাই বিপুল টিভি দর্শক-চাহিদা থাকবে। এজন্য সপ্তাহান্ত বাদে সর্বোচ্চ টিআরপি ধরা যাবে না। তাই শুরুতেই বাদ ৪ ডিসেম্বর বুধবার। শনিবার নিয়েই আলোচনা এগোতে থাকে। কিন্তু এখানেও সমস্যা। ওইদিন ক্লাসিকো আয়োজন করতে চাইলে মায়োরকার সঙ্গে বার্সার এবং এস্পানিওলের সঙ্গে রিয়ালের ম্যাচ এগিয়ে নিতে হবে। তাছাড়া ৭ ডিসেম্বরের দুই-তিন দিন পর দুই দলকে নামতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। তাই ৭ ডিসেম্বরও অনিশ্চয়তায়। অবশেষে দুই ক্লাব আলোচনা করে ১৮ ডিসেম্বর বুধবার ফিক্সড করে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও মেনে নেয়।
কিন্তু এখানে বাদ সাধে লা লিগা কর্র্তৃপক্ষ। তারা তাদের সেরা ম্যাচটি কোন সপ্তাহান্তে চায় এবং ওইদিন কোনো কোপা দেল রে’র ম্যাচ থাকতে পারবে না। দুর্ভাগ্যবশত ১৮ ডিসেম্বর লা লিগা কর্র্তৃপক্ষের দুটি চাহিদাই বিপরীত দিকে। তাই খানিক অনিশ্চয়তা থাকলেও ওই দিনটিই আপাতত প্রথম এল ক্লাসিকোর জন্য নির্দিষ্ট করা হয়েছে।
