সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ, পরিবহনমন্ত্রী হয়েছেন সালেহ বিন নাসের আল-জাসের।
বুধবারের এক রাজকীয় নির্দেশনার বরাত দিয়ে খবরটি জানায় সৌদি প্রেস এজেন্সি।
এ ছাড়া রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে অন্য নির্দেশনার ভিত্তিতে।
এর মধ্যে রয়েছে সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাশনাল ডেটা ম্যানেজমেন্ট অফিস ও ন্যাশনাল ইনফরমেশন সেন্টার।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইব্রাহিম আল আসাফ, তিনি গত ডিসেম্বরে এই দায়িত্ব পান। অন্যদিকে পরিবহন মন্ত্রণালয়ে ছিলেন নাবিল বিন মোহাম্মদ আল-আমৌদি।
বর্তমানে নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল চলতি বছরের মার্চ থেকে জার্মানিতে সৌদি অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক ও ওয়াশিংটনের সৌদি অ্যাম্বাসির জ্যেষ্ঠ পরামর্শকের দায়িত্ব পালনে করেন তিনি। এর আগে বেসরকারি শিল্প খাতে তিনি কাজ করেন।
