‘তোর কারণে আমাদের ফাঁসি’: অধ্যক্ষ সিরাজের দিকে তেড়ে গেলেন আসামিরা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৬:৩১ পিএম

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মামলার প্রধান আসামি সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গালিগালাজ করেছেন অপর আসামিরা। 

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এ মামলায় সব আসামিকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে কারাগারে নিতে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে ফাঁসির আদেশের পর কারাগারে নেয়ার সময় হঠাৎ অন্য আসামিরা সিরাজের দিকে তেড়ে যেতে চান। তারা চড়-থাপ্পড় মারতে উদ্যত হন। এ সময় তারা গালিও দেন সিরাজকে। 

আসামিদের কেউ কেউ বলতে থাকেন, ‘তোর কারণে আমাদের ফাঁসি হয়েছে।’

এ সময় আসামি মো. জোবায়ের, জাবেদ হোসেন, মো. শামীম, প্রভাষক আফছার উদ্দিন, হাফেজ আবদুল কাদের কান্নায় চিৎকার করতে থাকেন।

পরে পুলিশ গিয়ে আসামিদের শান্ত করেন। এরপর প্রিজনভ্যানে তাদের তোলা হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

আদালত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত