জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখছেন পরীক্ষকের শ্যালিকা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৯:০৮ পিএম

সাতক্ষীরার তালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান (প্রথম বর্ষ) পরীক্ষার খাতা দেখছেন পরীক্ষকের শ্যালিকা। গত বুধবার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের চোখে পড়ে।

কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্যের শ্যালিকা সোমা মহালদার বুধবার সকালে তার (কুমিরা মহিলা) কলেজে বসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের খাতা দেখছিলেন। সোমা মহালদার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, তার ভগ্নিপতি শিক্ষক আদিত্য ব্যানার্জি তাকে ৫০টি খাতা দেখে দেওয়ার জন্য বলেছেন। তাই তিনি খাতাগুলো দেখে দিচ্ছেন।

এ ব্যাপারে শিক্ষক আদিত্য ব্যানার্জি বলেন, আমি চোখে কম দেখার কারণে বৃত্ত ভরাটের জন্য খাতাগুলো ছাত্রী সোমা মহালদারের কাছে দিয়েছি।

কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান বলেন, ‘আমি সিনেটের একজন সদস্য। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কড়া নির্দেশ পরীক্ষার খাতাগুলো শিক্ষকদের যথাযথভাবে মূল্যায়ন করে নম্বর দিতে হবে। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব।’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ধরনের কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত