উন্নয়ন কাজ বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৯:১৩ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্বর উন্নয়ন ও সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ মিছিল করেছে।

মাগুরা সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, মাগুরা থেকে মহম্মদপুর পর্যন্ত সড়ক ও জনপথের এ সড়কটি সংস্কারের জন্য মোজহার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। কাজের অংশ হিসেবে উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্বরটি সংস্কারের বিষয়টি উল্লেখ থাকে। যার বরাদ্দ ধরা হয় ৪২ কোটি টাকা।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু তেওয়ারী জানান, বাসস্ট্যান্ড এলাকার মাত্র ২০০ গজ সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে বর্ষাকালে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাজারের নোংরা আবর্জনা ও পচা কাদা-পানিতে সয়লাব হয়ে থাকে প্রায়ই। সদরের প্রবেশদ্বার এ সড়কটি সবাইকে ব্যবহার করতে হয়। ফলে উপজেলা শহরে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, অটো-রিকশা, ভ্যানসহ স্থানীয় লোকজনের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি মেরামত হলে চলাচলে সুবিধা হবে।

সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম রেজাউল কমির চুন্নু বলেন, ‘এই বাসস্ট্যান্ড এলাকায় আমরা দীর্ঘদিন যাবৎ কাদা পানি মাড়িয়ে চলাচল করেছি। আমাদের দুর্ভোগ লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই রাস্তার প্রকল্প দিয়েছেন। কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান এসে কাজটি বন্ধ করে দিয়েছেন। আমরা এর দ্রত সমাধান চেয়ে কাজটি সম্পন্ন করার দাবি জানাচ্ছি।’

মাগুরা সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান জানান, বাসস্ট্যান্ড চত্বরটির টেকসই সংস্কারের জন্য কাজ চলমান অবস্থায় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু  একটি সীমানা দিয়ে সীমানার বাইরের অংশে কাজ বন্ধ করতে বলেছেন।

এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু  বলেন, ‘জেলা পরিষদের সীমানার মধ্যে কাজ হচ্ছে জেনে আমি পরিদর্শন করে কাজটি বন্ধ করতে বলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত