অস্ট্রেলিয়ার তরুণ ধনী বাংলাদেশি আশিক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আশিক আহমেদ। ব্যবসা ও অর্থবিষয়ক দৈনিক অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ চলতি সপ্তাহে দেশটির শীর্ষ তরুণ ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় ১৪ কোটি ৮০ লাখ ডলারের সম্পদ নিয়ে ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি অবস্থান করছেন ২৫ নম্বরে। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২৫০ কোটি টাকার বেশি।

১৭ বছর বয়সে আশিক পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে একটি ফাস্টফুড চেইনে কাজ শুরু করেন তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজকে আশিক বলেন, আমি ঘণ্টাভিত্তিক বেতনভুক কর্মী ছিলাম। সেখানেই কর্মী পরিচালনায় কর্তৃপক্ষের ভ‚মিকা দেখার অভিজ্ঞতা হয়। বরাবরই তার আগ্রহ ছিল গণিত ও বিজ্ঞানে। পরে গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০০৮ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তৈরি করেন সফটওয়্যার ‘ডেপুটি’। এই সফটওয়্যার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের রোস্টার (কাজের সূচি) তৈরি, বেতন প্রদানের হিসাব রক্ষণাবেক্ষণ সহজ করে দেয়। বর্তমানে ১ লাখ ৮৪ হাজার প্রতিষ্ঠান ‘ডেপুটি’ ব্যবহার করছে। গ্রাহক তালিকায় রয়েছে নাসা ও অস্ট্রেলিয়ার বড় এয়ারলাইন্স কান্টাসের নাম।

এসবিএস নিউজকে আশিক বলেন, ‘আমি ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতাম। সে সময় আমি দেখেছি, হিসাব রাখার ক্ষেত্রে কর্মীদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। আবার মালিক পক্ষকে কাজের হিসাব রাখার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধানে গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা-চ্যালেঞ্জের সমন্বয়ে একটি গাণিতিক উপায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এই চেষ্টায় আমরা ‘ডেপুটি’ সফটওয়্যারটি তৈরিতে সক্ষম হই।’

তার মতে, অর্থ কখনোই লক্ষ্য হতে পারে না। যা হচ্ছে তারই ফল হলো অর্থ। তিনি অস্ট্রেলিয়ার অভিবাসী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, এ দেশে অনেক সুযোগ রয়েছে। সুযোগের সঠিক ব্যবহার করা উচিত। আশিকের ভাষ্য, তিনি কখনই শুধু উপার্জনের উদ্দেশ্যে কাজ করেননি। বরং শুরু থেকেই লক্ষ্য ছিল সমস্যা সমাধানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত