ক্রিকেটারদের ধর্মঘটে শঙ্কা তৈরি হয়েছিল ভারত সফর নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের বোর্ড (বিসিবি) থেকে দাবি আদায়ের আশ্বাস পেয়ে নানা নাটকীয়তার পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় ক্রিকেটাররা। শুক্রবার তাই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হলো ভারত সফরের ক্যাম্প। তবে প্রথম দিনের অনুশীলনের ছিলেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের অনুশীলন শুরু হয় বেলা ৩টায়। প্রথম দিন উপস্থিত ছিলেন ১৩ ক্রিকেটার। শুধু সাকিবই ছিলেন অনুপস্থিত। কেন ছিলেন না, তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
টি-টোয়েন্টি স্কোয়াড শুরুতে ছিল ১৫ সদস্যের। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন সাইফ উদ্দিন। তার বদলি হিসেবে এখনো কারো নাম ঘোষিত হয়নি। অর্থাৎ ১৪ জনের স্কোয়াড এখন।
তবে এদিন টি-টোয়েন্টি স্কোয়াডের ১৩ জনের সঙ্গে ছিলেন ইমরুল কায়েসও। তামিম ইকবাল মাঠে এলেও অনুশীলন করেননি। শোনা যাচ্ছে ইমরুল কায়েস সুযোগ পাচ্ছেন টেস্ট দলে।
ছুটি কাটিয়ে এদিন অনুশীলনে যোগ দেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। প্রথমবারের মতো যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি। সকালেই যিনি ঢাকায় পা রাখেন।
ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষিত হলেও টেস্ট স্কোয়াড এখনো ঘোষিত হয়নি।
চার দিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দল উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে। শুক্রবার ও শনিবার স্কিল ট্রেনিং। ২৭, ২৮ অক্টোবর নিজেদের মধ্যে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ অক্টোবর বিশ্রাম নিয়ে পরের দিন ভারতের উদ্দেশে দেশ ছাড়বে লাল-সবুজ দল।
স্বাগতিক ভারতের বিপক্ষে সাকিবরা টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলবে ৩, ৭ ও ১০ নভেম্বর। ভেন্যু যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুর। ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট ও ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।
