রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন হাওলাদার (৩০) নামে এক বাস চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরে (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক অনাথ মিত্র দেশ রূপান্তরকে বলেন, ভোরে হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রিজের পাশে প্রধান সড়কে কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি, খবর পেয়ে ডেমরা থানা-পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পারি, আমির পেশায় বাস চালক ছিলেন। স্ত্রী ও ৬ সন্তান নিয়ে বাড্ডা আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগর এলাকায় তারা ভাড়া থাকতেন। তবে কোন বাসের চাপায় তিনি আহত হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার জানান, তাদের বাড়ি ভোলা বোরহানউদ্দিন উপজেলায়। তার শ্বশুরের নাম (আমিরের বাবা) নুর ইসলাম হাওলাদার। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তিনি বাসা থেকে বাসের ডিউটি করার জন্য বের হয়েছিলেন। দুর্ঘটনাস্থলেই তার বাস ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগেই কোন যানবাহন তাকে চাপা দিয়েছে। পরবর্তীতে পুলিশের ফোন পেয়ে তিনি তার স্বামীর লাশ হাসপাতাল গিয়ে লাশ শনাক্ত করেন।
