বিদেশি সাংবাদিক এবং কংগ্রেসম্যানদের অবাধে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিতে আমেরিকার ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন দেশটির ৬ জন কংগ্রেস সদস্য।
আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার দাবি, কাশ্মীর সম্পর্কে কংগ্রেসম্যানদের যা বোঝানো হয়েছে বাস্তব চিত্র তার উল্টো।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শ্রিংলার কাছে লেখা চিঠিতে মার্কিন সংসদ সদস্যরা কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন।
আগস্টের শুরুতে কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। অঞ্চলটিতে কঠোর কড়াকড়ি ও সামরিক নিরাপত্তা জারির কারণে দুই মাসেরও বেশি সময় ধরে কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ জনের মতো স্থানীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয় সাড়ে পাঁচ হাজার মানুষকে। যাদের মধ্যে প্রায় ৪ হাজার জনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃতদের মধ্যে ৩৫০ জনকে পিএসএ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে, যাদের উত্তর প্রদেশের কারাগারে পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে ভারত দাবি করছে, কাশ্মীর স্বাভাবিক রয়েছে। সেটি মুখে বললেও বিদেশি সাংবাদিকেরা প্রশাসনের ‘বিশেষ অনুমতি’ ছাড়া অঞ্চলটিতে ঢুকতে পারছেন না।
