ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির কোনো কাউন্সিলরের অপকর্মের দায় করপোরেশন নেবে না। কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য দুঃখ হয়। গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ‘আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারি করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার।’
তিনি আরও বলেন, ‘ফুটপাত উচ্ছেদ করতে গেলে ৯৯ শতাংশ লোক খুশি হলেও ১ শতাংশ লোক অখুশি হয়। তারা ফুটপাতে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টাঙিয়ে নেয়। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা ফুটপাত দখলকারীদের প্রশ্রয় দেব না।’
