মাগুরায় প্রায় ৫ হাজার নারীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশনের ১৬ তম উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এখানে উৎপাদিত পণ্য আড়ং এর মাধ্যমে বাজারজাত করা হবে।
রবিবার শহরের মীরপাড়া ব্র্যাক সেন্টারে প্রায় ২০একর জমির ওপর গড়ে ওঠা এই উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ব্র্যাকের সিনিয়র অ্যাডভাইজার আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, ব্র্যাকের অর্থ কর্মকর্তা তুষার কুমার ভৌমিক, আড়ং এর সিইও আশরাফুল আলম, আয়েশা আবেদ ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা শশী কুমার, ফাউন্ডেশনের জিএম ইসলাম মিয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি বেগম রোকেয়া প্রমুখ।
ব্র্যাক কর্মকর্তারা জানান, আয়েশা আবেদ ফাউন্ডেশন ১৯৮৩ সাল থেকে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় মাগুরায় ফাউন্ডেশনের উৎপাদন কেন্দ্র চালু করা হলো। এখানে নারীরা গার্মেন্টস ডিজাইন, ব্লক ডিজাইন, এমব্রয়ডারি, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, বেবি ড্রেস, হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির কাজ করবেন।
আয়োজকরা আরও জানান, এখানে উৎপাদিত মানসম্মত পণ্য ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং এর মাধ্যমে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটসহ বিভাগীয় শহরে বাজারজাত করা হবে। বর্তমানে এ উৎপাদন কেন্দ্রে প্রাথমিকভাবে জেলার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ কাজ শুরু করেছেন।
