চবিতে ভর্তিচ্ছু ছাত্রীকে ছাত্রলীগকর্মীর ঘুষি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৪:২৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কনক দে নামের এক নিরাপত্তাকর্মীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের দুই কর্মী। এ সময় ছাত্রলীগকর্মীদের হাতে এক ভর্তিচ্ছু ছাত্রীও লাঞ্ছিত হয়। সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

মারধরকারী দুই ছাত্রলীগরা কর্মী হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র লোকমান হোসেন লোটাস ও একই বর্ষের ভাষা বিজ্ঞান বিভাগের ছাত্র কনক সাহা জয়।

এ ছাড়া দুজনই চবি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ‘একাকার’ এর কর্মী এবং শাখা ছাত্রলীগের নেতা ইমাম উদ্দিন ফয়সাল পারভেজের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীই ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। এর আগেও এক ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছিলেন।

সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখতে বলায় ভর্তি পরীক্ষায় শাহ জালাল হলের সামনে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী কনক দেকে মারধর করতে থাকে  লোকমান ও জয়। এ সময় ভর্তি পরীক্ষা শেষে ফেরার পথে মারধরকারীদের একজনের ঘুষি লাগে ভর্তিচ্ছু এক ছাত্রীর মাথায়। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পাঠানো হয়। পরে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছাত্রলীগকর্মী লোকমান ও কনক পুলিশ বক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ বলেন, ওই নিরাপত্তাকর্মী তাদের (লোকমান ও জয়) সঙ্গে খারাপ আচরণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কেন এ ধরনের আচরণ করছেন, জানতে চাইলে সে (নিরাপত্তাকর্মী কনক) আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। তাই লোকমান ও জয় প্রতিবাদ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানও করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, আমি এ ঘটনা শুনেছি। গাড়ি পার্কিংয়ের বিষয়ে কথা-কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

এর আগে সোমবার সকালে থেকে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ২য় দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা প্রথম শিফটের পরীক্ষা।

ইউনিটির অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) এক হাজার ১৫৭ আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জন পরীক্ষা দিচ্ছেন। সম্মিলিত এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫০ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ডি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ২৬ হাজার ৪৫৯ পরীক্ষার্থী অংশ নেন। এদিকে ‘ডি’ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম গ্রামের হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষা নেয়া হচ্ছে। 

প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করে চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা দুদিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর উৎসবমুখর পরিবেশে শুরু করতে পেরেছি। আশা করি সবার সহযোগিতায় ভালোভাবে ভর্তি উৎসব সম্পূর্ণ করতে পারব। আজকের পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে ‘এন্টিপ্রক্সি টিম’ সার্বক্ষণিক কাজ করছে।

এ বছর পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৬৬ হাজার ৬৭০ পরীক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত