আল্লামা শফির দোয়া চাইল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:১৪ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফির সঙ্গে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেলা সাড়ে ৪টায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত’র নেতেৃত্বে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত এবং হাটহাজারী উপজেলার সভাপতি গৌবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব হেফাজতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় ঐক্য পরিষদ নেতৃবৃন্দ হুজুরের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ভোলার বোরহান উদ্দিনে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার জন্য হাটহাজারী বড় মাদ্রাসার পক্ষ থেকে এবং হেফাজতের আমির ও মহাসচিবের তাৎক্ষণিক পদক্ষেপে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখায় ঐক্য পরিষদের পক্ষ থেকে হেফাজতকে ধন্যবাদ জানানো হয়।

ঐক্য পরিষদের নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত অতীতের ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও যেন থাকে সে জন্য হেফাজতের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে হেফাজতের আমিরের সৌজন্য সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রতিনিধি দলের সদস্য এবং ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত