অনুরাগের সঙ্গে পরপর ছবি করছেন তাপসী, ঘটনা কী?

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০২:৫৬ পিএম

বেশ কয়েকটি আলোচিত সিনেমার সুবাদে বলিউডে শক্ত ভিত্তি পেয়েছেন তাপসী পান্নু। হালে একের পর এক ছবিতে তাকে কাস্ট করছেন অনুরাগ কাশ্যপ। পরিচালক না হলেও প্রযোজকের দায়িত্বে থাকছেন তিনি। স্বভাবই নির্মাতা-নায়িকার রসায়ন নিয়ে ফিসফাস শুরু হয়েছে।

২০১৮ সালে ‘মনমরজিয়াঁ’ ছবিতে কাজ করেন তাপসী ও অনুরাগ। যা শুধু একসঙ্গে প্রথম ছবি নয়, দুজনের প্রথম বলিউড রোমান্টিক ছবিও। এরপর অনুরাগের প্রযোজনায় একাধিক সিনেমায় যুক্ত হন নায়িকা।

সম্প্রতি তাপসী জানালেন, দুজনের পরের ছবিটি এমন একটি বিষয় নিয়ে যা তাদের কাছে একেবারেই নতুন। একটি সুপার ন্যাচারাল থ্রিলার প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন।

পরপর ছবি প্রসঙ্গে তাপসী বলেন, “আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। মানুষ হিসেবে দুজন দুজনকে খুব ভালো বুঝতেও পারি। পেশাগত ক্ষেত্রে দুজনের মধ্যে যে সব সময় খুবই বনিবনা থাকে তা নয় কারণ ওর সব ছবি আমার ভালো লাগে না আবার আমি যে ছবিগুলো করি, তার সবগুলো ওর সব সময় পছন্দ হয় না।”

আরও বলেন, “মনমরজিয়াঁ’র মতো ছবি বা আমাদের পরের ছবি, যেগুলোতে আমরা পেশাগতভাবে একসঙ্গে কাজ করি, সেই সব ছবিগুলি সত্যিই খুব ইউনিক হয় আমার আর অনুরাগের কাছে। অনুরাগ কাশ্যপের নিজস্ব স্টাইলের ছবি এটা নয় আবার আমি যে ধরনের ছবি বেশি করি, সেরকমও নয়– এটা হলো আমাদের মধ্যকার ওই মিডল পাথ।”

তাপসীর সঙ্গে বহু পরিচালকেরই সমীকরণ বেশ ভালো। ডেভিড ধাওয়ান ও অনুভব সিনহার সঙ্গে দুটি করে ছবিতে কাজ করেছেন।

নায়িকা জানান, পরিচালকের সঙ্গে যদি ব্যক্তিগত স্তরেও সম্পর্ক ভালো থাকে, তবে দুজন দুজনের কাছে স্বচ্ছ থাকা যায়। আর ফ্লোরের পরিবেশটাও খুব সহজ থাকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী পান্নু ও ভূমি পেডনেকর অভিনীত ছবি ‘ষান্ড কি আঁখ’। ওই ছবির প্রযোজকও অনুরাগ কাশ্যপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত