অনলাইনে স্মার্টফোন অর্ডার করে প্রতারিত হলেন ভারতের এক বিজেপি এমপি। ক্ষমতাসীন দলের নেতা খগেন মুর্মু পশ্চিমবঙ্গের মালদা এলাকার লোকসভা এমপি এবং তিনবারের প্রাক্তন বিধায়ক।
টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি ই-কমার্স পোর্টাল থেকে অর্ডার করা মোবাইল রবিবার রাতে হাতে পান খগেন মুর্মু। ক্যাশ অন ডেলিভারি বুঝে পেয়ে টাকাও মিটিয়ে দেন তিনি। কিন্তু বাক্স খুলেই দেখেন ভেতরে সাজানো রয়েছে মোবাইলের পরিবর্তে দুইটি পাথর।
তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ভুল করে অন্য কোম্পানির মোবাইল পাঠিয়েছে। পাথর দেখে তো আমি চমকে গিয়েছিলাম।’
বিজেপি এমপি আরও বলেন, ‘এই প্রথম অনলাইনে কিছু অর্ডার করেছিলাম।’
এ ঘটনায় তিনি ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এমপির অভিযোগের তদন্ত শুরু করেছেন তারা।
এদিকে গোটা বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে জানাবেন বলেও খগেন মুর্মু জানিয়েছেন।
