দুই প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:১১ এএম

অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার এ মামলা করেন।

আসামিরা হলেন– প্রকৌশলী আফসার হোসেন খন্দকার, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও ঠিকাদার মো. রিয়াজউদ্দিন। তারা পলাতক।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে জেলার চাটখিল উপজেলার সাহাবপুর ইউনিয়নের সোমপাড়া কলেজ ও শিবরামপুর-নারায়ণপুর সড়কের সংযোগ সড়ক হিসেবে হারুনের বাড়ির দরজা বলে পরিচিত এলাকা থেকে পূর্ব শিবনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়নে ৮ লাখ ৯৯ হাজার ৬৬০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই কাজ করতে গিয়ে প্রকৌশলী আফসার হোসেন খন্দকার, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও ঠিকাদার মো. রিয়াজউদ্দিন যোগসাজশে ১ লাখ ৬৩ হাজার ৬৬০ টাকার কাজ কম করে। তবে তা মেজারমেন্ট বুকে রেকর্ড করে এই টাকা তুলে আত্মসাৎ করেন। দীর্ঘ তদন্তের পর গতকাল দুদক এ মামলা করে। দুদকের সহকারী পরিচালক সুবেল আহমদ বলেন, আসামিরা পলাতক। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত