পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মঙ্গল ও উন্নয়নের জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। দেশের দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনে মহা প্রকল্প হাতে নিয়েছেন। সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
কিছু দিনের মধ্যে এ দেশের গ্রাম আর চেনা যাবে না। গ্রাম হবে শহর। তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে নলকূল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল কাসেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
