অনুশীলনের সময় চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন আসছিল। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ককে নিয়ে সে সম্ভাবনা উড়িয়ে দিল ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। মাহমুদউল্লাহদের বিপক্ষে শুরুর ম্যাচেই রোহিত খেলতে পারবেন বলে জানিয়েছে তারা।
ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিতের সেই চোট খুব একটা গুরুতর নয়, তিনি প্রথম ম্যাচের জন্য ফিট আছেন।
শুক্রবার দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। ব্যাটিং কোচ বিক্রম রাথোরের থ্রো করা বলে রোহিতের তলপেটে বল লাগে। ব্যথায় রোহিত নেট ছেড়ে চলে যান, এরপর আর অনুশীলনেও অংশ নেননি। গুঞ্জন উঠেছিল, হয়তো তিনি নাও খেলতে পারেন প্রথম ম্যাচে।
পরবর্তীতে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, রোহিত পুরোপুরি সুস্থ আছেন। অনুশীলনে ব্যাটিংয়ের সময় রোহিতের পেটের বাম দিকে বল লেগেছিল। মেডিকেল টিম পরীক্ষার পর জানিয়েছে, রোহিত ফিট আছে। সে প্রথম ম্যাচেই খেলতে পারবে।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
রাজকোটে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। ১০ নভেম্বর নাগপুরে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে দল দুটি।
