নরসিংদীর শিবপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। গত শুক্রবার রাতে সৃষ্টিগড় হাজিবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তরুণীকে গতকাল শনিবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শিবপুর থানা পুলিশ জানায়, রায়পুরা উপজেলার বাসিন্দা এক ভ্যানচালকের মেয়ে ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে মোবাইল ফোনে কল দিয়ে আরিফ মিয়া (২৫) নামে এক যুবক তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। আরিফ নিজেকে একটি কোম্পানির মালিক বলে পরিচয় দেয়। চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে শুক্রবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলে সে। সেই মোতাবেক তরুণী শিবপুরের বড়ইতলা এলাকায় স্যামসাং কারখানার সামনে অপেক্ষা করতে থাকে। এ সময় আরিফ তাকে পণ্য প্রচারের জন্য সেলসম্যান হিসেবে কাজের প্রস্তাব দেন। পরে তরুণীকে নিয়ে মাইক্রোবাসে করে আরিফ ও তার সহযোগী রাকিব সারা দিন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। পরে রাতে হাজিবাগান এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে আরিফ ও রাকিব তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। রাতভর নির্যাতন শেষে সকালে জঙ্গলের পাশের একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখা হয়। পরে সেখান থেকে ওই ছাত্রী কৌশলে পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় শিবপুর মডেল থানায় যায়। পুলিশ তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বিকেলে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করলেও আরিফ পলাতক রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সৃষ্টিগড় এলাকা থেকে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।’
বাড়ি থেকে তুলে নিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ : চুয়াডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করেছে স্বামীর দুই বন্ধু। গত বুধবার রাতে সদর উপজেলার যদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পর ওয়াশিম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকজন পলাতক।
মামলার বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে স্বামীর দুই বন্ধু গ্রামের মিলন ও ওয়াশিম ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে পর্যায়ক্রমে ধর্ষণ করে। গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
স্বামীর অভিযোগ, মিলন ও ওয়াশিম পরিকল্পনা করে তাকে কৃষিপণ্য বিক্রির জন্য যশোরে যেতে বাধ্য করে। রাতে ফিরে আসতে না পারার সুযোগে ধর্ষকরা তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। তিনি বাড়ি ফিরে এলে তার স্ত্রীর কাছ থেকে ঘটনা জানতে পারেন।
হাজারীবাগে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ : রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন ভবনে এক তরুণীকে (১৮) দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে হাজারীবাগ থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা করেছে।
হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, ওই তরুণী রায়েরবাজার এলাকায় থাকে। একটি হাতমোজা তৈরির কারখানায় কাজ করে সে। কিছুদিন ধরে ওই তরুণীর সঙ্গে রনি নামে এক ছেলের প্রেমের সম্পর্ক হয়। ওই সম্পর্কের খাতিরে গত শুক্রবার রাত ৯টার দিকে রনি ওই তরুণীকে হাজারীবাগ বালুরমাঠ কামাল সরদার রোডের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত রনির দুই বন্ধু নাজির ও সাগরসহ তিনজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এর আগেই ওই তিন ধর্ষক পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জে ধর্ষণের শিকার শিশু : নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রিতে ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার আসামিরা হলোÑ আমির আলী, মান্না, আবির আলী, সোহেল ও জুয়েল।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম জানায়, ভিকটিমকে মেডিকেল টেস্ট করানোর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মনপুরায় ধর্ষণের ঘটনায় সংবাদ সম্মেলন : ভোলার মনপুরার দুর্গম চরে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে সাবেক ছাত্রলীগের সভাপতি নজরুলকে জড়ানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। গতকাল শনিবার সকালে ভোলা প্রেস ক্লাবে নজরুলের মা, বাবা ও স্ত্রী সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন।
