অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ৩২%

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:২৮ এএম

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ১৬৩ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত বছরের অক্টোবরে আসা রেমিট্যান্সের তুলনায় ৩২ দশমিক ৩২ শতাংশ বেশি। এটি স্বাধীনতার পর থেকে এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। অক্টোবর মাসে রেমিট্যান্সে উচ্চপ্রবৃদ্ধির পর চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত মে মাসে রোজার ঈদকে সামনে রেখে ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স। দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ¦ালানি তেলের দাম বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও ভালো প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। সাধারণত ঈদের পর প্রবাসীরা কম রেমিট্যান্স পাঠান। এবার দুই ঈদের পরও রেমিট্যান্স বেড়েছে। তিনি জানান, প্রণোদনার কারণে রেমিট্যান্স বাড়ছে। এছাড়া বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। সেসব দেশে অবস্থানকারী আমাদের প্রবাসীরা এখন বেশি মজুরি পাচ্ছেন; বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন।

গত ৭ অক্টোবর ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণ করে ভারত, ৮০ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কা ৬৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পায়র। আমরা ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করি। রেমিট্যান্স বাড়ানোর বিষয়ে আমাদের আরও নজর দিতে হবে। তবে বর্তমানে যে প্রবৃদ্ধি হচ্ছে তাতে করে এবার ২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত