প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছেন। আইসিটি খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সংস্থাগুলো তাকে এ সম্মাননা দিয়েছে। এগুলো হচ্ছে ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’, ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড-২০১৯’ ও ‘গ্লোবইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের আগে পুরস্কারগুলো হস্তান্তর করেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও উচ্চক্ষমতাসম্পন্ন হাই-টেক পার্ক অবকাঠামো গঠনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটিকে ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ প্রদান করা হয়। ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ২১তম আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির কাছে পুরস্কারটি হস্তান্তর করে। আইটির অলিম্পিক হিসেবে পরিচিত ওই আয়োজনটি গত ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়।
আইসিটি ডিভিশনের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পটিকে ডাটা সেন্টার কনস্ট্রাকশন ক্যাটাগরিতে ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ডাটা সেন্টার ডায়নামিকস (ডিসিডি) ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্প’ পুরস্কারটি দিয়েছে। ডিসিডির সাংহাই শাখার কান্ট্রি ডিরেক্টর জনসন ইয়াং আইসিটি ডিভিশনের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের কাছে পুরস্কারটি হস্তান্তর করেন। জিয়াউল আলম একটি প্রতিনিধিদলসহ ১৭ সেপ্টেম্বর চীনের শেনজেন নগরীতে ৪ টায়ার ডাটা সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন লিমিটেড পরিদর্শনকালে পুরস্কারটি হস্তান্তর করা হয়। ‘৪ টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পে’র আওতায় গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের বিশ্বমানের ডাটা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
পাশাপাশি এ২আই প্রোগ্রামের আইসিটি ডিভিশন বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ কেন্দ্রীয় ডাটা, সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার জন্য ‘গ্লোবইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট’-এর স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার প্রদান করে। গত ১৬ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি হস্তান্তর করা হয়।
