কুমিল্লায় রাস্তার পাশে লাগেজে মিলল কিশোরীর লাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম

কুমিল্লার দেবিদ্বারে রাস্তার পাশে একটি লাগেজ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার খাদঘর এলাকা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা ওই কিশোরীকে হত্যার পর রাতে কোনো এক সময় ওই লাগেজে ভরে ফেলে রেখে পালিয়ে গিয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদঘর এলাকায় পরিত্যক্ত লাল রংয়ের লাগেজ ব্যাগ দেখতে পায় হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা।

এ সময় লাগেজ খুলে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে যাওয়া হয়।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, নিহত ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত