নরসিংদীর ঘোড়াশালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত সোমবার রাতে পাঁচটি স্বর্ণ ও একটি চালের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন।
ব্যবসায়ীরা দাবি করেন, বাজারের প্রিয় জুয়েলার্স, মা জুয়েলার্স, মুসলিম জুয়েলার্স, জনতা গহনালয় ও মল্লিক জুয়েলার্স থেকে ডাকাতরা ১০৯ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রৌপ্য ও ১৮ লাখ টাকা লুটে নিয়ে গেছে।
প্রিয় জুয়েলার্সের কর্ণধার ইন্দ্রজিৎ বর্মণ বলেন, ‘খবর পেয়ে ভোরে কর্মচারী ও নৈশপ্রহরীদের একটি কক্ষে বাঁধা অবস্থায় পাই। পরে নিজ নিজ দোকানে খোঁজ নিয়ে ওই পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের তথ্য জানা যায়।’
আহত নৈশপ্রহরী হাসেম মিয়া বলেন, ‘রাতে ব্যাংক কলোনি থেকে স্বর্ণপট্টিতে আসার সময় কয়েকজন ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর মারধর করে একটি কক্ষে বেঁধে রাখে। চিৎকার করলে তারা গুলি করে হত্যার হুমকি দেয়।’
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের ২০-২৫ জন রাতে শীতলক্ষ্যা নদী দিয়ে তিনটি স্পিডবোটে বাজারে এসে ডাকাতি করে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
