রিমেক হচ্ছে বলিউডের ব্যবসাসফল ছবি কুলি নম্বর ওয়ান, সেটি অনেক আগেই জানা হয়ে গিয়েছে ভক্তদের। ইতিমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়ে গিয়েছে সিনেমাটির।
গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় রিমেকটিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং সারা আলী খান। পরিচালক আগেরজনই, বরুণের বাবা ডেভিড ধাওয়ান। ১৯৯৫ সালে তিনি কুলি নাম্বার ওয়ান সিনেমাটি পরিচালনা করেছিলেন।
ডিএনএ ইন্ডিয়া জানায়, আগস্ট থেকে রিমেকটির শুটিং হয়েছে। ব্যাংককে কিছু দৃশ্যের শুটিংও শেষ হয়ে গিয়েছে। মুম্বাইতে নাচের রিহার্সালও সেরে ফেলেছেন ভরুন-সারা। শিগগির শহরটির একটি জেটিতে নাচের দৃশ্যটির শুটিং হবে।
এই প্রথম সারা এবং ভরুন একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। ইনস্টাগ্রামে সারা শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, মাথায় গামছা বাধা এবং গায়ে কুলির পোশাক পরিহিত বরুণ আর তার সঙ্গে সাদা পোশাকে লাবন্যময়ী সারা।
কুলি স্টেশনে হাস্যোজ্জ্বল ছবিটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে ১২ লাখেরও বেশি মানুষ ছবিটিতে লাইক দিয়েছেন। কমেন্ট করেছেন প্রায় তিন হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হওয়া সারার দ্বিতীয় ছবি 'সিম্বা' এরই মধ্যে ঘরে তুলেছে তিন'শো পঞ্চাশ কোটি রুপি।
এদিকে 'জুডুয়া' ছবির রিমেক করে ব্যাপক সাফল্য পান বাপ-ছেলে। তাই এই রিমেক সিনেমা নিয়েও দারুণ আশাবাদী তারা। ২০২০ সালের মে মাসে মুক্তি পাবে ছবিটি।
