হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একসঙ্গে দুই বন্ধু বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর একজন মারা গেছেন। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তা কেউ জানাতে পারেনি। ফলে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার এসআই ছামিউল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার রাতে আমতলী গ্রামের মোশাহিদ (২৪) ও তার বন্ধু জয়নাল (২৫) একটি কবরস্থানের কাছে যান। কিছুক্ষণ পর তারা দুজনই তাদের বাড়ি গিয়ে ছটফট করতে থাকেন। তাৎক্ষণিক দুজনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টায় শেরপুর এলাকায় মোশাহিদ মারা যান। জয়নালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছামিউল জানান, তারা বিষপান করেছেন নাকি বিষাক্ত মদপানে এ পরিণতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মারা যাওয়া মোশাহিদ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। আর জয়নাল কৃষি শ্রমিক।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীমা আক্তার বলেন, কীভাবে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
