বেলজিয়ান ক্লাব রেসিং গেঙ্ককে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের খুব কাছে চলে এসেছে লিভারপুল।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির ‘ই’ গ্রুপের ম্যাচটিতে অতিথিদের ২-১ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। ১-১ সমতায় শেষ প্রথমার্ধের খেলা। বিরতির পর স্বাগতিক দলকে জয়সূচক গোল এনে দেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।
এই জয়ে চার ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। দিনের অপর ম্যাচে সালসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করা নাপোলি ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।
খেলা শুরুর চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অতিথি দলের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে খুব কাছ থেকে জাল খুঁজে নেন লিভারপুলের ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভিনালডাম।
বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে খেলায় সমতা ফেরায় গেঙ্ক। কর্নার থেকে সতীর্থের ক্রসে বল পেয়ে ছয় গজ দূর থেকে হেডে জালে বল জড়ান তানজানিয়ান স্ট্রাইকার এমবিওয়ানা সামাতা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ৫৩তম মিনিটে মোহামেদ সালাহর পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে ইংলিশ মিডফিল্ডার চেম্বারলেইন। তার এই গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।
