ছক্কার রেকর্ড ডাকছে মাহমুদউল্লাহকে

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:৩২ এএম

দারুণ একটা মাইলফলক সামনে নিয়ে বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে মাত্র ২টি ছক্কা হাঁকালেই সেই মাইলফলক গড়া হবে মাহমুদউল্লাহর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করবেন টি-টোয়েন্টি ছক্কার ফিফটি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৪৮টি ছক্কা হাঁকানোর রেকর্ড মাহমুদউল্লাহর। ৪০টি ছক্কা হাঁকিয়ে তামিম ইকবাল আছেন দ্বিতীয় স্থানে। ৩৩ ছক্কা হাঁকিয়ে সাকিব আল হাসান তৃতীয় এবং ৩১ ছক্কা হাঁকিয়ে মুশফিকুর রহিম আছেন চতুর্থ স্থানে। ২৮ ছক্কা হাঁকিয়ে সাব্বির রহমান আছেন পঞ্চম স্থানে।

রবিবার দিল্লিতে ভারতকে অনেকটা চমকে দেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তুলে নেয় প্রথম জয়। যা ভারতের মাটিতেও যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ইতিহাস গড়ার লক্ষ্যে। জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে। ভারতের মাটিতে যা হবে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। ভারত অবশ্য সিরিজে সমতা আনতে মরিয়া।

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। মাহমুদউল্লাহ কি পারবেন এ ম্যাচেই রেকর্ডটি নিজের করতে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত