নিজ আসনে অভিবাসী মুসলিম যুবকের চ্যালেঞ্জে জনসন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:৪৯ পিএম

ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের আসনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেন অভিবাসী এক মুসলিম যুবক। তেহরানে জন্ম নেওয়া ২৫ বছর বয়সী আলী মিলানি ১২ ডিসেম্বরের নির্বাচনে লেবার পার্টি থেকে লড়বেন।

জনসন-আলী নির্বাচনে দাঁড়াবেন আক্সব্রিজ থেকে। এক দশক ধরে আসনটিতে জনসনের দল ‘নিরাপদ’ নয়। ২০১৭ সালের নির্বাচনে জনসন ৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলী যদি ৫ শতাংশ ইলেকটোরেট নিজেদের দিকে আনতে পারেন, তাহলে জনসন বিপদে পড়ে যাবেন।

ব্রেক্সিট ইস্যুতে এবার ব্রিটেনের নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। জনসন ক্ষমতায় আসলে যেকোনো ‍মূল্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া তথা ব্রেক্সিট কার্যকর করবেন।

ব্রিটেনের ১০০ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী আসনহীন থাকেননি। আলী বলছেন এবার তিনি ইতিহাস গড়তে চান, ‘এটা ঐতিহাসিক নির্বাচন। প্রথমবারের মতো আমরা কোনো প্রধানমন্ত্রীকে আসনহীন করে দিতে পারি। ঠিক এখানে বরিস জনসনকে ক্ষমতাহারা করার শক্তি আমাদের আছে।’

আলী মাত্র ৫ বছর বয়সে ব্রিটেনে পাড়ি দেন। তার মা ছিলেন তখন ‘সিঙ্গেল মাদার’। সঙ্গে এক বোন।

সেই সময়ের কথা স্মরণ করে আলী বলেন, ‘মা আমাকে আর বোনকে নিয়ে এদেশে চলে আসেন। তার কাজের উপরেই আমরা বেঁচে ছিলাম। পাবলিক স্কুল, পাবলিক হাসপাতালই ছিল আমাদের ভরসা। মা তখন খুব একটা ইংলিশ বলতে পারতেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত