সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ আবার এসি মিলানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন। মেজর লিগ সকারের কমিশনার ডন গারবারের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ইএসপিএন।
এ বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ইব্রাহিমোভিচের।
৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ার আরও দীর্ঘ করতে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন বলে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে। গারবার দাবি করছেন, তার পরবর্তী ঠিকানা সেরি আ’র ক্লাবটি।
ইব্রাহিমোভিচ ২০১০-১১ মৌসুমে এসি মিলানের হয়ে খেলেন। ৮৫ ম্যাচে ক্লাবটির হয়ে ৫৬টি গোল আছে তার।
এছাড়া ইন্টার মিলান, জুভেন্টাস, বার্সেলোনা, পিএসজি এবং ম্যানইউর মতো ক্লাবে খেলেছেন তিনি।
গ্যালাক্সিতে ১৮ মাসের ক্যারিয়ারে ৫৮ ম্যাচে করেছেন ৫৩টি গোল।
‘জ্লাতান খুবই আকর্ষণীয় একজন মানুষ। তাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে আমার এবং তার ব্যাপারে আমার ইনবক্স ভর্তি হয়ে আছে,’ জানিয়ে গারবার বলেন, ‘বয়স ৩৮ বছর হলেও বিশ্বের অন্যতম সেরা ক্লাব এসি মিলান তাকে দলে টানতে যাচ্ছে।’
