সরকার যদি আমাদের স্বার্থ বিক্রি করে দেয়, তাহলে তো ভারতকে দোষারোপ করতে পারি না— এমনটা বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে উল্লেখ করে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী যতবারই ভারতে গেছেন, ততবারই তিনি শুধু দিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি কিছুই আনতে পারেননি। তিনি বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসেছেন। আমরা তো ভারতের বিরুদ্ধে নই, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে চাই। সরকার যদি আমাদের স্বার্থ বিক্রি করে দেয়, তাহলে তো ভারতকে দোষারোপ করতে পারি না।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। মানুষ সুস্থ রাজনীতির চর্চা করবে, সেই উদ্দেশ্যেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সব অর্জন নস্যাৎ হয়ে যাবে, এটা হতে পারে না। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো।”
নুসরাত হত্যা মামলার রায় প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী বলেন, “সরকার নুসরাত হত্যা মামলার বিচার সম্পূর্ণ করে বলছে, তারা আইনের শাসন কায়েম করেছে। প্রতিদিন শত শত নারী ও শিশু নির্যাতন হচ্ছে। আজ বাধ্য হয়ে দুই-একটা মামলার বিচার করছে তারা। এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। ২৬ লাখ বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেককে হত্যা ও গুম করা হয়েছে। তাদের বিচার কে করবে? দেশে আইনের শাসন নেই, দলীয় শাসন রয়েছে।”
বিএনপি নেতা বলেন, “সামান্য দুই কোটি টাকার জন্য খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। অথচ শামীমের অফিসে ১৫০ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। তাহলে তার কত বছরের সাজা হওয়া উচিত? শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। আমরা ইনশাল্লাহ তাকে কারাগার থেকে মুক্ত করে আনবো। তিনি জামিনে নয়, বরং আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই মুক্ত হবেন।”
আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি নেতা শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট নিপুন রায় প্রমুখ।
