আশ্বাসে সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাহার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০২:৩৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে সমাপনী পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। গতকাল সন্ধ্যায় এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সকাল ১০টায় ঢাকার পুরানা পল্টন মুক্তি ভবনে ৬৪ জেলার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।   তবে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান।

গত ২৩ অক্টোবর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ১৪টি সংগঠনের জোট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। ওই সময় আলটিমেটাম দেওয়া হয় আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে পরীক্ষা বর্জন করা হয়। এরপর কয়েক দফা শিক্ষকদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, সচিব আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদিরের বৈঠক হয়। গতকাল ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সর্বশেষ গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আমাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আমাদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে একমত হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও অধিদপ্তরের ডিজি। এই সাক্ষাতের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত