সংবাদ সম্মেলনে কাদের

বুলবুল মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকেও এ ব্যাপারে কাজ করতে দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় মনিটরিং টিম খোলা হয়েছে। কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপকমিটির নেতারা সারা দেশের তৃণমূলের সঙ্গে সমন্বয় করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত