কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত কৃষি পুনর্বাসন কার্যক্রম চালানোর পাশাপাশি বীজ, সারসহ যত রকম সহযোগিতা দরকার তা করা হবে। গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে ‘বৃহত্তর ময়মনসিংহ নৃ-তাত্ত্বিক জন উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ একটি প্রগতিশীল রাজনৈতিক দল। দেশের সব আন্দোলন, সংগ্রামে দলটি নেতৃত্ব দিয়ে আসছে। আসছে সম্মেলনে যোগ্য, সৎ, নিষ্ঠাবান, তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।
মধুপুরে জেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত উৎসবে মন্ত্রী বলেন, দেশে বোরো ও আমন ধান উদ্বৃত্ত উৎপাদন হয়েছে। সে কারণে দাম কমে গেছে। চেষ্টা করছি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার। কিন্তু গুদামগুলোতে স্থান সংকুলান না হওয়াতে ধান কিনতে পারছি না। তবুও এবার ছয় লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের থেকে সরাসরি এই ধান ক্রয় করা হবে। এখানে মধ্যস্বত্বভোগীদের কোনো স্থান হবে না।
