ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে জানমালের নিরাপত্তার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে।
শনিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকাল ৯টা থেকে ফের চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, জানমালের নিরাপত্তার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পরীক্ষামূলকভাবে রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। এতে জরুরি পণ্যবাহী ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।
রবিবার সকাল ১০টা পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস, ২০-৩০টি ব্যক্তিগত যানবাহন আর আড়াই শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। রাতে তেমন যানবাহন না আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।
অপরদিকে শনিবার দুপুর ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
