স্বপ্নের একটা দিন পার করলেন দীপক চাহার। রবিবার নাগপুরে বলতে গেলে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা একাই করলেন ২৭ বছর বয়সী। সহায়তা পেলেন সতীর্থ শিবাম দুবের।
তবে দুবেকে ছাপিয়েও নায়ক ডানহাতি পেসার চাহার। প্রথম ভারতীয় হিসেবে যিনি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান ব্যয়ে নিলেন ৬ উইকেট। টি-টোয়েন্টিতে যা সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড।
চাহারের দুর্দান্ত বোলিংয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩০ রানে জয় তুলে নেয় ভারত। একই সঙ্গে ২-১ এ সিরিজ নিজেদের করেছে স্বাগতিকেরা।
বাংলাদেশের শেষ তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন চাহার। ১৮তম ওভারের শেষ বলে শফিউলকে তুলে নিয়েছিলেন। শেষ ওভার করতে এসে প্রথম বলেই ফেরান মোস্তাফিজুর রহমানকে। পরের বলে আমিনুল ইসলামকে তুলে নিয়ে গুটিয়ে দেন বাংলাদেশের ইনিংস। একই সঙ্গে পূরণ করেন হ্যাটট্রিক।
চাহারের শুরুটাও ছিল দুর্দান্ত। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে পর পর দুই বলে তুলে নেন লিটন দাস ও সৌম্য সরকারকে। এরপর মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ মিঠুন ৯৮ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে মিঠুনকে ফিরিয়ে সেই জুটিও ভেঙেছেন চাহার।
সব মিলে এক চাহারের কাছেই যেন হার মানতে হলো বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার
৬/৭- দীপক চাহার, প্রতিপক্ষ বাংলাদেশ (নাগপুর ২০১৯)
৬/৮- অজন্তা মেন্ডিস, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (হামবানটোটা ২০১২)
৬/১৬- অজন্তা মেন্ডিস, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (পাল্লেকেলে ২০১১)
৬/২৫- যুজবেন্দ্র চাহাল, প্রতিপক্ষ ইংল্যান্ড (বেঙ্গালুরু ২০১৭)
ভারতীয় বোলারদের হ্যাটট্রিক:
টেস্ট: হরভজন সিং, ইরফান পাঠান
ওয়ানডে: চেতন শর্মা, কপিল দেব, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি
টি-টোয়েন্টি: দীপক চাহার।
