নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে কাজ করার সময় যন্ত্রে জড়িয়ে নিরঞ্জন সাহা (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন সাহা লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি মহল্লার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি ওই মিলের ‘মিল হাউস ফিটার’ পদে কর্মরত ছিলেন।
মিল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার জানায়, মিল হাউস ফিটার নিরঞ্জন সাহা রবিবার সন্ধ্যা ৬টা থেকে মিলের ব্যাগাজ সেকশনে কর্মরত ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ব্যাগাজ কেরিয়ারে সমস্যা দেখা দেয়। এ সময় কেরিয়ার সচল করতে গিয়ে তিনি ওই ব্যাগাজ কেরিয়ারে জড়িয়ে যান। পরে কর্মরত সহযোগী শ্রমিকরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে নিরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
