অভিষেক সিরিজেই র‌্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে নাঈম

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ পিএম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ নাঈম শেখের। অভিষেকেই দুর্দান্ত খেলেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বিশেষ করে রবিবার নাগপুরে সিরিজের শেষ ম্যাচে খেলেন ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস।

তিন ম্যাচে নাঈমের রান ১৪৩। অভিষেক সিরিজে তার এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। সোমবার প্রকাশিত হয়েছে টি-টোয়েন্টির নতুন র‌্যাঙ্কিং। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় ৩৮ নম্বরে রয়েছেন নাঈম।

নাঈম যৌথভাবে এই স্থানে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯তম স্থানে আছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। মাহমুদউল্লাহ-নাঈম ছাড়া সেরা পঞ্চাশে আছেন শুধু লিটন দাস। অবনমন হয়ে তার অবস্থান ৪১তম।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ দ্বিতীয় ও ডেভিড মালান আছেন তৃতীয় স্থানে।

রবিবার ইনদোরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন দীপক চাহার। এই ডানহাতি প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করার পাশাপাশি করেছেন টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের রেকর্ড। যার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ৮৮ ধাপ এগিয়ে ৪২তম স্থানে ওঠে এসেছেন এই ২৭ বছর বয়সী পেসার।

গেল বছর জানুয়ারি থেকে টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মিচেল সান্টনার একধাপ নিচে নেমে গেছেন। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে থাকাদের সবাই স্পিনার।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আরেক আফগান মোহাম্মদ নবী। মানসিক অবসাদে ক্রিকেট থেকে বিরতি নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল দুই নম্বরে নেমে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এই তালিকায় চার নম্বরে।

ক্রিকেট থেকে দুই বছরের জন্য (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের নাম নতুন প্রকাশিত এই সূচি থেকে মুছে ফেলা হয়েছে।

দলগতভাবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে যথারীতি পাকিস্তান। তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট এগিয়ে তারা। পাকিস্তানের রেটিং যেখানে ২৭০, অস্ট্রেলিয়ার সেখানে ২৬৯। বাংলাদেশ ২২৭ রেটিং পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত