চীনে আত্মহত্যা ঠেকাচ্ছে এআই প্রযুক্তি

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১২:৪৪ এএম

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে দূরে বসে আত্মহত্যা ঠেকানোর পদ্ধতি আবিষ্কার করেছেন চীনের প্রযুক্তিবিদ হুয়াং জিশেং। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিলেই দূর নিয়ন্ত্রিত কম্পিউটারের অ্যালগরিদম সেটি ধরে ফেলছে। এরপর ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করেন জিশেংয়ের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকরা। তারা খবর দেন স্থানীয় পুলিশকে।

এই প্রযুক্তির সাফল্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে ২১ বছর বয়সী শিক্ষার্থী লি ফ্যানের জীবন ফিরে পাওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে।

টুইটারের মতো চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লি ফ্যান একটি বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, ‘আর পারছি না, সব ছেড়ে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেদনে বলা হয়েছে লি ঋণগ্রস্ত ছিলেন। এছাড়া মায়ের সঙ্গে বিবাদ চলছিল। সেই থেকে তাকে ঘিরে ধরে চরম হতাশা।

তার বিশ্ববিদ্যালয় নানজিং থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরত্বে আমস্টারডামের একটি কম্পিউটারে চলমান ওই এআই প্রোগ্রামে শনাক্ত করা হয় চীনের এই শিক্ষার্থীর পোস্টটি। সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকরা ব্যবস্থা নেন।

এত দূর থেকে লিকে জাগিয়ে তুলতে ব্যর্থ হয়ে তারা স্থানীয় পুলিশের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান। এরপর পুলিশ তাকে বাঁচায়।

গত ১৮ মাসে চীনজুড়ে ৬০০ স্বেচ্ছাসেবক এই প্রোগ্রাম ব্যবহার করে ৭০০ মানুষকে বাঁচিয়েছেন।

প্রথম রেসকিউ অপারেশন চালানো হয়েছিল ২০১৮ সালের ২৯ এপ্রিল। জাভাভিত্তিক এই প্রোগ্রামটি উইবোতে কিছু ‘ট্রি হোলস’ মনিটর করে এবং সেখানে পোস্ট করা কিছু বার্তা বিশ্লেষণ করে থাকে। ‘ট্রি হোল’ হচ্ছে ইন্টারনেটে যেসব জায়গায় লোকজন অন্যদের পড়ার জন্য গোপনে পোস্ট করে তার একটি চীনা নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত