দেশের মাটিতে প্রথম গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে আগ্রহের শেষ নেই। ইডেন গার্ডেনসে ম্যাচটি খেলতে মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই খেলোয়াড় অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা।
কোলকাতার ইডেন গার্ডেনসে ২২ নভেম্বর থেকে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এর আগে আগামী বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইন্দোরে মাঠে নামবে উভয় দল।
দল দুটির মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এরই মধ্যে ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত।
ইডেনে দিবা-রাত্রির টেস্ট খেলতে যেন এক পায়ে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানে, পূজারারা। ভারতীয় দল যখন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত, তখন বেঙ্গালুরুর এনসিএতে গোলাপি বলে অনুশীলন শুরু করে দেন পূজারা, রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিরা।
পিঙ্ক বলে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “দিবা-রাত্রির টেস্ট খুব উত্তেজনাপূর্ণ হবে। আমি আগে দলীপ ট্রফিতে গোলাপি বলে খেলেছি।”
টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, “যেকোনো ফরম্যাটেই দ্রুত মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গোলাপি বলে মানিয়ে নিতে আমাদের খুব একটা অসুবিধে হবে বলে মনে হয় না।”
