আ. লীগের মুক্তিযুদ্ধের চেতনা হলো একদলীয় শাসন: মওদুদ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৪৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নতুন সংজ্ঞা দিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, আজকে আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞা হলো একদলীয় শাসন, ভোট চুরি করে জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকা, বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, আইনের শাসন না থাকা এবং গণমাধ্যমের স্বাধীনতা না থাকা। বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা নেই দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই বলছে, তাদের দল এখন অনুপ্রবেশকারী দিয়ে ভরে গেছে। অর্থাৎ তারা মুক্তিযোদ্ধা নয়, অনুপ্রবেশকারী। তাহলে কি ধরে নিতে হবে আওয়ামী লীগ এখন মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্ব করে না। বরং যে স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি সেই স্বাধীনতাকে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, তাদের তো আদর্শ পুরুষ হওয়ার কথা ছিল। কিন্তু তারা সম্মান রক্ষা করতে পারেননি বলে শিক্ষার্থীরাও সম্মান করছেন না। ভিসিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন আর আমাদের সরকারপ্রধান শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, তারা দুর্নীতির প্রমাণ করতে না পারলে তাদের উপযুক্ত শাস্ত দেবেন। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি যদি স্বপদে বহাল থাকেন তবে তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত করা কোনোভাবে সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত