চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানসহ ৫ সরকারি কর্মকর্তা আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৮:৪১ পিএম

সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া প্রকল্প তৈরি করে ছয় মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ সরকারি কর্মকর্তাকে আটক করেছে দুদক।

বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান তাদের আটক করেন।

আটকরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বিল্পব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহাম্মদ, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম মোস্তফা।

দুদক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটকরা পরস্পর যোগসাজশে ও জালিয়াতি করে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে পাঁচ প্রকল্পের ছয় মেট্রিকটন চাল আত্মসাৎ করেন।

তিনি জানান, ‘ভুয়া প্রকল্পের আত্মসাৎ করা চালের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা। দিনভর বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত