পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘পেঁয়াজের অপ্রতুলতা থেকে পেঁয়াজের অভাবের প্রচারটা সিন্ডিকেটকে আরও সুযোগ করে দিয়েছে।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভোট ছাড়া যদি সংসদ হয়, তবে পেঁয়াজ ছাড়া তরকারি হবে না কেন? প্রধানমন্ত্রী বলেছেন পেঁয়াজ খাবেন না। তিনি তার বাবুর্চিকে বলে দিয়েছেন পেঁয়াজ ছাড়া রান্না করতে।’
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘সরকার ইচ্ছার বাইরে আদালতের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে না। এ কথাটা আমরা আগে বুঝিনি।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সংসদ সদস্য মোশারফ হোসেন, সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।
