দেশের মানুষের ক্রয়ক্ষমতা বিএনপি আমলে যা ছিল তার তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার কেবল ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করেনি। তারা মানুষের জীবনকেও নিরাপত্তাহীন করে তুলেছে।’ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পেঁয়াজের সংকটের কারণে প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশের মানুষের তোয়াক্কা করেন না বলেই উনি এমন কথা বলতে পারেন। কারণ মানুষ কে কী মনে করবে তাতে ওনার কিছু যায়-আসে না। তিনি বলেন, ৩০ টাকা কেজির পেঁয়াজ কীভাবে ২৫০ টাকা হতে পারেÑ তার পেছনের ইতিহাস মানুষকে জানাতে হবে।
নগরীর নুর আহমদ সড়কের দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
