পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিএনপির সমাবেশ কাল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৩:০৫ এএম

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেল ৫টায় শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠকে স্কাইপের মাধ্যমে যুক্ত হন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনে মির্জা

ফখরুল বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেট দায়ী। সরকারের মদদপুষ্টরা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তিনি বলেন, একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। সরকার রেল পরিচালনা ও সড়কে দুর্ঘটনারোধে ব্যর্থ। সরকার নিজেই যেখানে লাইনচ্যুত হয়ে গেছে, সেখানে রেল কীভাবে লাইনে থাকে।

বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতুর মেয়াদ দেড় বছর বাড়িয়ে প্রকল্পে অর্থ বাড়ানোর সিদ্ধান্ত মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি ছাড়া কিছুই নয়। পুরো প্রকল্পের ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। মেগা প্রজেক্টের সঙ্গে মেগা দুর্নীতি এবং নতুন করে যোগ হয়েছে মেগা পাচার। মানি লন্ডারিংয়ের মাধ্যমে এসব টাকা পাচার করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা নিধন ও নির্যাতনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে মামলা হলেও বাংলাদেশ সরকার এখনো তাদের বিরুদ্ধে মামলা না করায় সরকারের অনীহা দেখছে বিএনপি। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন প্রায় পঙ্গুত্ব অবস্থায় চলে এসেছেন। মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা  গোপন করে গর্হিত কাজ করছে। তিনি জানান, আগামীকাল (আজ রবিবার) খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হচ্ছে। ‘আদালত অন্তত স্বাস্থ্যগত কারণে বেগম জিয়াকে জামিন দেবেন, আদালতের কাছে আমরা সুবিচার আশা করি’, বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে আগামী ২৮ তারিখ যে গণশুনানি হবে তাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যাবে।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত