খুলনায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:০৯ এএম

খুলনা নগরীর আড়ংঘাটা থানার রংপুর পুলিশ ক্যাম্পের দুই পুলিশের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৩টার দিকে রংপুর পুলিশ ক্যাম্পে রাজু মন্ডল (২২) নামে ওই যুবক নির্যাতনের শিকার হয়।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার রাজু মন্ডল ওই এলাকার অধীর মন্ডলের ছেলে। এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে পরিস্থিতি সামাল দিতে ওই দুই পুলিশকে তাৎক্ষণিক প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই দুই পুলিশ হলেন উপপরিদর্শক (এসআই) পুষ্পল মন্ডল ও নায়েক খালেক।

এলাকাবাসী জানায়, শনিবার ঠাকুরণ তলা রাস উৎসবে মিউজিক বক্সের সামনে আনন্দ-উল্লাস করার সময় এসআই পুষ্পল মন্ডল রাজুকে বেধড়ক মারধর করে আহত করেন। এসময় এলাকার লোকজন প্রতিবাদ করলেও কারও কথায় কান দেননি তিনি।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রেজাউল করিম বলেন, এলাকাবাসীর সঙ্গে রংপুর ক্যাম্প সদস্যদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় ক্যাম্পের পুষ্পল মন্ডল ও খালেককে তাৎক্ষণিক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত