বাংলাদেশের ২৮ বাজেটের সমান দাম আরামকোর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১২:৩২ এএম

বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকোর সম্পদমূল্য ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। শেয়ার বিক্রির জন্য কোম্পানিটি তাদের যে প্রাথমিক মূল্যায়ন করেছে, তাতে আইপিওর মূল্য দাঁড়িয়েছে এটি। আরামকোর সম্পদমূল্য বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের আকারের প্রায় ২৮ গুণ। চলতি অর্থবছর ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করেছে বাংলাদেশ।

আরামকো তাদের ১ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২ হাজার ৫০০ কোটি ডলার আয় করতে চাইছে। এই শেয়ার বিক্রির প্রাথমিক তথ্য দিয়ে একটি প্রসপেক্টাস বের করা হয়েছে। এতে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ৩০ থেকে ৩২ রিয়াল পর্যন্ত অর্থাৎ ৮ থেকে সাড়ে ৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি শেয়ারের দাম হবে ৬৮০ থেকে ৭৩০ টাকার মধ্যে।

খুচরা বিনিয়োগকারী ব্যক্তি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানও এ শেয়ার কেনার সুযোগ পাবে। প্রসপেক্টাসে বলা হয়, সৌদি আরবের রাস্তার লোক বা বিধবা মহিলাও এ শেয়ার কিনতে পারবেন। এই প্রথম স্থানীয়রা দেশটির সবচেয়ে ধনী কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আন্তর্জাতিক বাজারে শেয়ার কেনার সুযোগ এখনো উন্মুক্ত করা হচ্ছে না।

বলা হচ্ছে, এটিই হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ। এর আগে ২০১৪ সালে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা শেয়ার ছেড়ে সর্বোচ্চ ২ হাজার ৫০০ কোটি ডলার তুলে নতুন রেকর্ড গড়েছিল, তবে আরামকো হয়তো সে রেকর্ড ভাঙতে যাচ্ছে। আরামকো গত বছর ১১ হাজার ১০০ কোটি ডলার নেট মুনাফা করেছে, তবে এ বছর প্রথম ৯ মাসে মুনাফা কমে ৬ হাজার ৮০০ কোটি ডলারে নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত