গাজীপুরে পরিবহন শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় তারা ওই সড়কে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধে অংশ নেওয়া শ্রমিক আবুল হোসেন জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ করায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

পরে সকাল ১০টার দিকে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করে পরিবহন শ্রমিকেরা। এতে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী লোকজন ভোগান্তিতে পড়েন।

এ সময় মাওনা হাইওয়ে থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে একটি বাসে করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠাতে সক্ষম হলেও শ্রমিকরা অবরোধ তুলে নিচ্ছিল না।

দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগ নেতা মো. কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।

কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আইন সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব হোসেন বলেন, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত