পত্রিকা বহনকারী পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামের মোসলেম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পাফুল এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসপি পরীক্ষা দিয়ে সোমবার দুপুর একটার পর শফিকুল ইসলামের মোটরসাইকেলে তার মেয়ে সাথীসহ চাঁন্দুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শারমিন খাতুন ও কামাল গাজীর মেয়ে নাজমা খাতুন বাড়ি ফিরিছিলেন।
পথে সাঁইহাটি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পত্রিকা বহনকারী একটি পিকআপভ্যান ( সাতক্ষীরা- ন-১১-০০৬৫) ওই মোটরসাইকেলে সজোরে আঘাত করে।
এতে তারা চারজন গুরুতর জখম হয়। তাদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শফিকুল ও তার মেয়ে সাথীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় শফিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, দুর্ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্তদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই পিকআপসহ চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তখন শফিকুল মারা যায়নি। মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।
